নগরকান্দা, ফরিদপুর | ১৩ মে ২০২৬ :
বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফরিদপুরের নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি দা দিয়ে কেটে দেওয়ার ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে গ্রেপ্তার মা-মেয়েকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ফুলসতী ইউনিয়নের কাজীকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন প্রধান আসামি আমির আলী বিশ্বাসের স্ত্রী প্রেমা বেগম (৪২) ও মেয়ে শম্পা আক্তার (২২)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আমির আলী বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে বড় ভাই সোলেমান বিশ্বাসের ওপর হামলা চালায়। এতে সোলেমানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর গুরুতর আহত সোলেমানকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত সোলেমানের স্ত্রী রাবেয়া বেগম (৪৮) বাদী হয়ে আমির আলী বিশ্বাসকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন।ওই মামলায় আমিরের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের দুই ছেলে সোলেমান বিশ্বাস ও আমির আলী বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১