কক্সবাজার,ঈদগাঁও | ১৩ মে ২০২৬ : জেলার ঈদগাঁও উপজেলার এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের তিন নাতি-নাতনীর উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্বে এলাকায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের প্রশংসায় ভাসছে পরিবারটি।
জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলম মাস্টারের পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও কর্মক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার পরিবারের নতুন প্রজন্ম উচ্চশিক্ষায় অনন্য সাফল্যের স্বাক্ষর রাখলো।
পরিবারের বড় সন্তান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আলমগীর চৌধুরী হিরুর বড় ছেলে ইরতিজা আলভী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর লোক প্রশাসন বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
অন্যদিকে, মরহুম হুমায়ুন কবির চৌধুরী হিমুর বড় ছেলে সানিউল শায়ন একই বিভাগের শিক্ষার্থী হিসেবে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়া প্রয়াত রাশেদ উদ্দিন চৌধুরী বাবরের কন্যা পারমিতা নাবা অর্থনীতি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কৃতিত্বের সাথে তাদের শিক্ষা জীবন সম্পন্ন করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ মে ও ১২ মে প্রকাশিত ফলাফলে তাদের এ সাফল্যের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের ফুফু সারমিন সুলতানা রুহি একজন সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। অপর ফুফু সামিয়া সুলতানা রিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া চাচা নেজাম উদ্দিন চৌধুরী নিলয় একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাক্ষেত্রে এ ধরনের ধারাবাহিক সাফল্যে পরিবারটির প্রতি স্থানীয়দের প্রশংসা ও শুভেচ্ছা অব্যাহত রয়েছে। সচেতন মহল মনে করছেন, মুক্তিযোদ্ধা পরিবারের নতুন প্রজন্মের এ অর্জন ঈদগাঁওসহ কক্সবাজার জেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া