জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের জাতাইর পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ্ এস্টেট–এর আয়োজনে এ ক্যাম্পে সহস্রাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া থেকে আগত ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দন্ত, চক্ষু, কান-নাক-গলা, অর্থোপেডিক ও মেডিসিন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ আয়োজনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য রোগী চিকিৎসা নিতে ভিড় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিনসহ ওয়াকফ এস্টেটের সদস্যরা।
ওয়াকফ এস্টেটের মোয়াতল্লীন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনামুল হক চৌধুরী জানান, তাঁর দাদা মরহুম উমির উদ্দিন ১৯৪৪ সালে এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে কিছু সম্পত্তি ওয়াকফ করে দেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইউনিয়নবাসীর জন্য এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১