চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় ঐতিহ্যবাহী ৫০তম জবলে সিরাত মাহফিল দুই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ এপ্রিল শুরু হওয়া এই ধর্মীয় মাহফিল ২৫ এপ্রিল গভীর রাতে শেষ হয়। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক অনন্য ধর্মীয় পরিবেশ ও উৎসবমুখর আবহ।
মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা ওলামায়ে কেরাম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, ইসলামের শিক্ষা, মানবকল্যাণ ও নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। বক্তারা সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সিরাত অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই জবলে সিরাত মাহফিলের পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। একসময় এই স্থানটি “ছিদ্দিক মিয়ার বলিখেলা” নামে পরিচিত ছিল, যেখানে নিয়মিত গরুর লড়াই ও বলিখেলা অনুষ্ঠিত হতো।
১৯৭৬ সালে ছিদ্দিক মিয়ার মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত বায়তুশ শরফের তৎকালীন পীর সাহেব হযরত মাওলানা আব্দুল জব্বার (রহ.) এই অশোভন সংস্কৃতি বন্ধের পরামর্শ দেন এবং ধর্মীয় কার্যক্রম চালুর নির্দেশনা দেন। এরপর থেকেই ১৯৭৭ সাল থেকে শুরু হয় “জবলে সিরাত মাহফিল”, যা পাহাড় (জবল) থেকে নামকরণ করা হয়।
বর্তমানে এটি লোহাগাড়ার অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে। প্রতি বছর বায়তুশ শরফের বর্তমান পীর সাহেব হযরত আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নাদবী (দা.বা.) এতে অংশগ্রহণ করে থাকেন, যা মাহফিলের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব আরও বৃদ্ধি করে।
আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এই আয়োজন ইসলামী মূল্যবোধ ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া