কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি ফেক ফেসবুক আইডি থেকে অনুষ্ঠানের আপ্যায়নের ভিডিও পোস্ট করে সেটিকে ‘ভাতের হোটেল’ হিসেবে আখ্যায়িত করা হলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা যায়, গত ১৯ এপ্রিল কটিয়াদী মডেল থানার উদ্যোগে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানার্থে থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্যাকেটজাত খাবার দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে কিছু অতিথিকে ওসির কক্ষে বসে সেই খাবার গ্রহণ করতে দেখা যায়, যার একটি ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, একটি কুচক্রী মহল ফেক আইডির মাধ্যমে ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করে ‘ভাতের হোটেল’ বলে মন্তব্য করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালায়। এতে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, বর্তমান ওসির মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি এবং কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাতে পারে।
এ বিষয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা বদ্ধপরিকর। তিনি জানান, ফেক আইডির মাধ্যমে অপপ্রচার চালানোর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সচেতন মহল বলছে, জনসম্পৃক্ততা বাড়াতে পুলিশ প্রশাসনের এ ধরনের ইতিবাচক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১