
কুমিল্লা | ২২ এপ্রিল ২০২৬ :
দীর্ঘ এক দশক পর কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে রিমান্ড প্রয়োজন বলে জানা গেছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সন্দেহভাজন হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করেন। মামলার অগ্রগতির অংশ হিসেবে গত ৬ এপ্রিল তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়।
এই তিন সন্দেহভাজন হলেন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার ফলাফল মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আদালত সূত্রে জানা যায়, এই চাঞ্চল্যকর মামলায় এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত ১০ বছরে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা মামলার তদন্ত দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, তনু হত্যা মামলা দেশের অন্যতম আলোচিত ও স্পর্শকাতর একটি মামলা হিসেবে দীর্ঘদিন ধরে জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে আসছে। সর্বশেষ গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া