
পটিয়া, চট্টগ্রাম | ২১ এপ্রিল ২০২৬:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে থানা পুলিশের রাতভর বিশেষ অভিযানে ছাত্রলীগ সদস্যসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযানে ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পটিয়া থানা সূত্রে জানা যায়, গত ১৮ ও ১৯ এপ্রিল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে ভাটিখাইন ইউনিয়নের করল গ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আশপাশে পরিচালিত অভিযানে আবদুল মাবুদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এছাড়া কচুয়াই ইউনিয়নের শেখ মুহাম্মদ পাড়া এলাকা থেকে কুতুবউদ্দিন (৩৪) নামে আরেক ব্যক্তিকে আটক করে ৮ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার আসামি ও ছাত্রলীগ সদস্য জোবাইর ইবনে আলম হামীম (২০)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি হত্যা মামলাসহ বিভিন্ন মামলার ২ জন জিআর পরোয়ানাভুক্ত এবং ৩ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে।
এছাড়া একটি পুরনো চুরি মামলার ২ জন আসামিকেও গ্রেফতার করা হয়। দুই দিনের এ অভিযানে মোট ১০ জন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, পটিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া