
সালথা, ফরিদপুর | ২১ এপ্রিল ২০২৬:
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা বলেছেন, কৃষিনির্ভর সালথা একটি সম্ভাবনাময় জনপদ হলেও মাদক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এ এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি সালথা উপজেলা পরিষদ, থানা, ভূমি অফিস এবং এসএসসি পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সালথায় মাদক একটি বড় সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। পাশাপাশি গোষ্ঠীগত দ্বন্দ্বে কিছু প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষকে ব্যবহার করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
বর্তমান এসএসসি পরীক্ষা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি সুশিক্ষিত সমাজ গড়ে উঠলে সালথায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান, তদন্ত কর্মকর্তা ইন্দ্রজিৎ মল্লিক, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু এবং স্থানীয় সাংবাদিকরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১