
আমতলী (বরগুনা), ২০ এপ্রিল ২০২৬
বরগুনার আমতলী উপজেলায় হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এ উপলক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসলিমা আক্তার, মো. কুদরত-ই-খোদা (পিপিএম-সেবা), মোহাম্মদ আবুল ফাত্তাহ এবং মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাম–রুবেলা টিকাদান কর্মসূচি শিশুদের মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় শিশু স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান শিশুদের শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
এর মাধ্যমে আমতলী উপজেলায় হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১