
পাঁচবিবি (জয়পুরহাট), ১৯ এপ্রিল ২০২৬: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ এলাকায় ছোট যমুনা নদীর পার কেটে অবৈধভাবে মাটি বিক্রি ও কৃষকের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর স্বাভাবিক পানি প্রবাহের পথ বন্ধ করে দীর্ঘদিন ধরে অবাধে মাটি কাটা ও বিক্রি করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আরিফুল ইসলাম এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে নদীর পার কেটে মাটি বিক্রি করছেন এবং কৃষকদের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছেন।
ভুক্তভোগী কৃষকদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে তাদের আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। তারা বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি তাদের লাঞ্ছিত করে এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ ঘটনায় পাঁচবিবি থানায়ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে পাওয়া যায়নি, কিন্তু একটি ভেকু (খনন যন্ত্র) এর যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১