দেশের গ্রন্থাগার ব্যবস্থার উন্নয়ন ও জ্ঞানচর্চা সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বে-সরকারি গ্রন্থাগার সরেজমিনে পরিদর্শন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র। (১৮ এপ্রিল) দুপুরে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক এবং উপ-গ্রন্থাগারিক রাসেল রানা এ পরিদর্শনে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন “বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর”-এর সভাপতি, কবি ও সাংবাদিক মো. আরফান আলী।
পরিদর্শনকালে গ্রন্থাগারগুলোর সার্বিক কার্যক্রম, পাঠকসেবা, বইয়ের সংরক্ষণ, পাঠক উপস্থিতি এবং সরকারি অনুদানের যথাযথ ব্যবহার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। বিশেষ করে অনুদানপ্রাপ্ত গ্রন্থাগারগুলো কীভাবে স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞানচর্চায় ভূমিকা রাখছে তা মূল্যায়ন করা হয়।
এ বিষয়ে মো. আরফান আলী বলেন, “একটি গ্রন্থাগার শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি মানব সভ্যতা, ইতিহাস ও ঐতিহ্যের ধারক। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জ্ঞানসমৃদ্ধ করতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। সরকারি উদ্যোগের পাশাপাশি বে-সরকারি গ্রন্থাগারগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
পরিদর্শন শেষে কর্মকর্তারা গ্রন্থাগারগুলোর উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১