মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের ঘটনায় তীব্র কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ফতালিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
ভারতের অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে Strait of Hormuz-এর লারাক দ্বীপের কাছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (Islamic Revolutionary Guard Corps) ভারতীয় পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ভারত সরকার ইরানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় এবং জানতে চায়, কোন আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বেসামরিক বাণিজ্যিক জাহাজে এ ধরনের সামরিক হামলা চালানো হয়েছে। ভারতের পক্ষ থেকে ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করা হয়েছে।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে থাকা ভারতীয় জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন মোট ৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ওই পথ দিয়ে যাওয়ার কথা থাকলেও উত্তেজনার কারণে বেশিরভাগ জাহাজ ফিরে আসে।
এদিকে, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য রুটে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক মহলও নজরদারি বাড়িয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১