
কুমিল্লা, ১৯ এপ্রিল ২০২৬:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নারী আসামি মোসা. জান্নাতুল ফেরদৌস ওরফে শ্রাবনী বেগম (৩৫)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দাপুনিয়া এলাকার বাসিন্দা মো. ইসমাইল হোসেনের মেয়ে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই (নিঃ) সৈকত মজুমদার ও এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় টানা ব্রিজের পূর্ব পাশে একটি পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়ভাবে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১