কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক, বুদ্ধিজীবী এবং দলের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান তার বই রচনার প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং বিষয়বস্তু তুলে ধরেন।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক-সামাজিক বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা উপস্থাপন করতেই ‘আগামী বাংলাদেশ’ গ্রন্থটি রচনা করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ.ন.ম. সামছুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, ‘আগামী বাংলাদেশ’ বইটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে এবং দেশের উন্নয়ন ও গঠনমূলক চিন্তাধারায় ইতিবাচক ভূমিকা রাখবে। তারা বলেন, এই গ্রন্থ নতুন প্রজন্মকে দেশ গঠনে বাস্তবধর্মী দিকনির্দেশনা দেবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া