
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের আবাসিক কক্ষে বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। নারী প্রবেশের সন্দেহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১২ এপ্রিল ২০২৬) ভোর ৫টার দিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী হলে একটি কক্ষে তল্লাশি চালান।
ওই কক্ষের শিক্ষার্থী আলিম মৃধা অভিযোগ করে বলেন, ভোরে ইসরাফিলসহ কয়েকজন জোরে দরজায় ধাক্কা দেন। দরজা খুলতে দেরি হওয়ায় তারা জোরপূর্বক কক্ষে প্রবেশ করেন এবং সেখানে নারী থাকার অভিযোগ তোলেন। তবে তল্লাশি চালিয়ে কাউকে না পেয়ে তারা চলে যান।
তিনি আরও অভিযোগ করেন, কিছু না পাওয়ার পরও তার ও তার রুমমেটের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইসরাফিল হোসাইন বলেন, একটি সূত্র থেকে হলে নারী প্রবেশের তথ্য পেয়ে তারা বিষয়টি যাচাই করতে যান। তবে সেখানে গিয়ে এমন কোনো কিছু পাওয়া যায়নি।
হল সংসদের ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের হল শাখা সভাপতি মোজাম্মেল হক জানান, ফজরের আগে নারী প্রবেশের তথ্য পাওয়ার পর বিষয়টি যাচাই করতে জিএস ও এজিএসকে জানানো হয়। তিনি দাবি করেন, বিষয়টি বড় আকার না নিতে গোপনে সমাধানের চেষ্টা করা হয়েছিল এবং গভীর রাত হওয়ায় হল প্রশাসনকে জানানো হয়নি।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান বলেন, এ ধরনের তল্লাশির বিষয়ে তিনি অবগত নন। হলে কোনো তল্লাশি পরিচালিত হলে তা অবশ্যই প্রশাসনের মাধ্যমে হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের কক্ষে তল্লাশি চালানো নিয়মবহির্ভূত। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া