মন্দির উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস, সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা
নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়: ‘নির্যাতন সহ্য করা হবে না’—পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
- আপডেট সময় : ১২:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
নগরকান্দায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ফরিদপুর, ১১ এপ্রিল ২০২৬: ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার সর্বজনীন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
শনিবার (১১ এপ্রিল) মন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত এ সভায় দুই উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা অংশ নেন। সভায় তারা নিজ নিজ এলাকার মন্দিরসংক্রান্ত সমস্যা, সংস্কার ও উন্নয়ন চাহিদার বিষয়গুলো তুলে ধরেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মনোযোগ সহকারে প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের অত্যাচার, জুলুম বা নির্যাতন হতে দেওয়া হবে না। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে বরদাশত করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভা শেষে প্রতিমন্ত্রী লস্কর ইউনিয়নের বাগুটিয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি পুরাপাড়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন এবং দফা মজলিশপুর ও তালমার মোড় এলাকার মন্দির পরিদর্শন করেন। দিনশেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসূল সামদানী আজাদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।





















