
ভোলা প্রতিনিধি: ভোলায় লাইসেন্সবিহীন বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনের পুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে “মেসার্স জান্নাত ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়াই ১২০০ লিটার জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।
জব্দকৃত তেলের মধ্যে ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার কেরোসিন ছিল বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং জব্দকৃত তেল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দুটি টিম অংশ নেয়।
এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক ডা. শামিম রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া