৬ লাখ ৪৬ হাজার টাকায় জমি ক্রয়, দলিল না পেয়ে ভুক্তভোগীর অভিযোগ হামলার চেষ্টার
নেত্রকোনার বারহাট্টায় এফিডেভিটে জমি কেনার পর দলিল না দেওয়ার অভিযোগ, তৃতীয় লিঙ্গের অন্তরার দাবি প্রতারণা
- আপডেট সময় : ০১:৪৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কোর্টের মাধ্যমে এফিডেভিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তৃতীয় লিঙ্গের হিজড়া অন্তরা (নয়ন)। এ ঘটনায় অভিযুক্ত আলেক নামের এক ব্যক্তি, যিনি ভুক্তভোগীর সৎ ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাহতা ইউনিয়নের দশাল কাশপাড়া গ্রামের বাসিন্দা অন্তরা হিজড়া (নয়ন) দাবি করেন, কিছুদিন আগে টাকার প্রয়োজন হলে আলেক তার কাছে আসেন। পরে কোর্টের মাধ্যমে এফিডেভিট করে এবং স্বাক্ষীদের উপস্থিতিতে ৬ লাখ ৪৬ হাজার টাকার বিনিময়ে আলেকের জমি ক্রয় করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, জমি বিক্রির সময় আলেক তাকে আশ্বস্ত করেন যে, পরবর্তীতে নামজারি করে যথাযথভাবে দলিল সম্পন্ন করে দেবেন। কিন্তু বর্তমানে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন না। বরং দলিলের জন্য চাপ দিলে আলেক ও তার ভাগ্নেরা অন্তরার বাড়িতে গিয়ে হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী অন্তরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং তার ক্রয়কৃত জমির যথাযথ দলিল প্রাপ্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আলেকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।




























