বীর মুক্তিযোদ্ধা, সাবেক যুদ্ধকালীন সিংগাইর থানা কমান্ডার এবং মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ফজলুল হক আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত সাড়ে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন। তিনি যুদ্ধকালীন সময়ে সিংগাইর থানার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সমাজসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
২০ মার্চ শুক্রবার বাদ জুম্মা ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন নাহার (পপি) এবং সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।
জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মুফতেজুর রহমান বিবেক, শেখ রেজাউল করিম, নুরুল ইসলাম, আবুল হাসেম মাস্টার, মোঃ খলিলুর রহমান, মোঃ এমদাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানপূর্বক তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফজলুল হকের মৃত্যুতে মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া