নোয়াখালীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৭ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ জালাল আহম্মেদ।
ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুল হান্নান লিটন এবং সমাজসেবক মোঃ শহিদ উল্ল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, ৫ নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন, কাশিপুর মোহাম্মদীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি আবদুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, নুডলস, পোলাও চাল, চিনি, কিসমিস, বাদাম ও দুধ পাউডার।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক বলেন, “গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশন যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অনুসরণ করে সেনবাগের অন্যান্য বিত্তবানরা এগিয়ে এলে এলাকায় দারিদ্র্যতা অনেকাংশে কমে আসবে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া