রাজশাহী | রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২১টি হাতবোমা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল। অভিযানের সময় দুটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে সদস্যদের সন্দেহ হয়। পরে বোমা থাকার আশঙ্কায় র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
ইউনিটের সদস্যরা এসে পরীক্ষা করে মোট ২১টি হাতবোমা সদৃশ্য বস্তু শনাক্ত করেন। এছাড়া অপর একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি হাসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও বোমা ও অস্ত্রের মালিকানা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানেও জড়িতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
র্যাবের ধারণা, ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।
চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত বোমা ও অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছের্যাব।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১