এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর উপজেলার কালিবাজার হাতিগড়া দিগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, একই গ্রামের আব্দুল মালেক ভুঁইয়ার দুই ছেলে মো. বিল্লাল হোসেন ভুঁইয়া ও মো. আনিসুল রহমানের মধ্যে গ্যাসের চুলার রাইজার নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই আনিসুল রহমান ছুরি দিয়ে বড় ভাই বিল্লাল হোসেন ভুঁইয়াকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা বিল্লাল হোসেনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১