ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
এসময় দাউদকান্দি হাইওয়ে থানা, দাউদকান্দি মডেল থানা, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি, কমিউনিটি পুলিশিং, নিরাপদ সড়ক চাই সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যানজট কমানো এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে কুমিল্লা জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে গৌরীপুর বাসস্ট্যান্ড ও হোমনা সড়কের মুখের উভয় পাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এতে দীর্ঘদিনের ফুটপাত দখলমুক্ত হয়ে পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
উচ্ছেদ অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে থাকা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অতীতেও এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল। এবার উচ্ছেদের পর যাতে কেউ পুনরায় অবৈধভাবে বসতে না পারে সে বিষয়ে প্রশাসনের তদারকি থাকবে। যদি কেউ আবার সরকারি জায়গা দখল করে বসে, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া