কামাল খান | ঢাকা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকায় পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। এ উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
গত মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের উদ্যোগে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ, বাসের যাত্রী ও কর্মব্যস্ত পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, “ইসলাম মানবতার ধর্ম। রমজান মাসে আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আরও বাড়ানো প্রয়োজন। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই শ্রম সার্থক।”
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধন তৈরি করতে চাই।”
সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী বলেন, “উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গী রেলস্টেশন এলাকায় পথচারী ও সাধারণ রোজাদারদের কষ্ট লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করি।”
ইফতার বিতরণের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মাসুম রানা এবং সিনিয়র সাংবাদিক মো. মোস্তাকিম খান।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম বিল্লাহ শিশির, মো. আলমগীর হোসেন, কাজী আশরাফুল আলম, মো. ফিরোজ সাহাদাত প্রমুখ।
সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া