সুজন চন্দ্র দাস |
দাউদকান্দি (কুমিল্লা):
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের পুটিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ রায়পুর এলাকার একটি সড়ক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফরহাদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় সেটি এখনো আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া