আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নির্বাচিত হওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক ডেভিড পেট্রেয়াস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মতোই কট্টরপন্থি নীতি অনুসরণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে ইরানের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ডেভিড পেট্রেয়াস বলেন, “আমরা ধারণা করছি তিনি তার বাবার মতোই অবস্থান নেবেন। তিনি অত্যন্ত কট্টরপন্থি ধর্মীয় দৃষ্টিভঙ্গির একজন ব্যক্তি।”
তিনি আরও বলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলেও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ পদমর্যাদার ধর্মীয় নেতা নন। অতীতে তার বাবা আলি খামেনির ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছিল। কয়েক দশক আগে যখন আলি খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হন, তখনও তিনি তেমন পরিচিত ছিলেন না।
সাবেক সিআইএ প্রধান আরও বলেন, আন্তর্জাতিক মহলের অনেকেই আশা করেছিলেন ইরানের নেতৃত্বে এমন একজন আসবেন যিনি তুলনামূলক বাস্তববাদী হবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সমঝোতায় আগ্রহী থাকবেন।
তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। পেট্রেয়াস বলেন, “তিনি ক্ষমতা গ্রহণের পর বাস্তবে কী ধরনের নীতি অনুসরণ করেন, সেটিই এখন দেখার বিষয়।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর সোমবার তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া