মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় ধাপের ভর্তি সম্পন্ন হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মোট ১৫৫টি আসন এখনো ফাঁকা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগসমূহে ১ হাজার ৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন এবং এসব বিভাগে এখনো ১৫৫টি আসন শূন্য রয়েছে। অন্যদিকে স্থাপত্য বিভাগে নির্ধারিত ৩০টি আসনের সবগুলোতেই শিক্ষার্থী ভর্তি হওয়ায় এই বিভাগে আর কোনো আসন খালি নেই।
রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় পর্যায়ের ভর্তির জন্য মেধাক্রম ৩৫০১ থেকে ৩৭১৬ পর্যন্ত শিক্ষার্থীদের এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ৩৭১৭ থেকে ৪১০০ পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৬ এপ্রিল রুয়েট গেস্ট হাউজে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগের পছন্দক্রম অনুযায়ী তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক চলাকালীন সময়ে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসনে ভর্তি নেওয়া হচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১ হাজার ২৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া