মাহবুব হাসান | স্টাফ রিপোর্টার ঝালকাঠিঃ
বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ইসলামিক মিশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত টেকেরহাট এন্টারপ্রাইজের বাস ও মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। নিহতদের স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া