বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী Rashmika Mandanna এবং অভিনেতা Vijay Deverakonda অবশেষে তাদের দীর্ঘদিনের আলোচিত সম্পর্ককে বিয়ের মাধ্যমে পূর্ণতা দিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠ বন্ধু, পরিবার ও তারকাদের উপস্থিতিতে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
তবে বিয়ের আয়োজনের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে কনের গায়ে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। বিয়ের সাজে রাশমিকা মান্দানা প্রায় ৩ কেজি ওজনের স্বর্ণালঙ্কার পরেছিলেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই গহনাগুলো তৈরি করা হয়েছে হায়দরাবাদের একটি বিখ্যাত জুয়েলারি হাউসে। বিয়ের দিন রাশমিকা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী গয়নার সাজ। তার গলায় ছিল বিশেষ ‘কাসু মালা’, যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত। গহনাটিতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি এবং সূক্ষ্ম কারুকাজ।
এছাড়াও মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা, হাতে ভারী চুড়ি ও বিশেষ ‘হাতপদ্ম’ অলঙ্কারে সাজানো ছিল কনের পুরো লুক। সব মিলিয়ে প্রায় তিন কেজি স্বর্ণালঙ্কারে রাজকীয় রূপে ধরা দেন এই অভিনেত্রী।
অন্যদিকে বর Vijay Deverakonda-ও কম যাননি সাজে। সিল্কের ধুতি ও লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন আধা কেজির বেশি স্বর্ণের অলঙ্কার। বিশেষ করে তার হাতে থাকা ‘বাহুবলী’ স্টাইলের ব্রেসলেটটি ছিল সবার নজরের কেন্দ্রবিন্দু।
দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও দেবমূর্তির নকশা। বর্তমানে স্বর্ণের দাম যখন আকাশছোঁয়া, তখন এই তারকা দম্পতির রাজকীয় সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টক অব দ্য টাউন’ হয়ে উঠেছে।
বিয়ের ছবি ও ভিডিও ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তাদের এই রাজকীয় আয়োজনকে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের অনন্য উদাহরণ হিসেবেও উল্লেখ করছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১