এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। হামলায় গুরুতর আহত হয়ে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) পাগলা মসজিদ প্রাঙ্গণে নিলাম কার্যক্রম চলাকালে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকরা হলেন—কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪-এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা মসজিদের নিলাম কার্যক্রম চলাকালে পেশাগত দায়িত্ব পালন করছিলেন ওই দুই সাংবাদিক। এ সময় স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের কয়েকজন সদস্য হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করার পাশাপাশি সংবাদ সংগ্রহে বাধা দেয়।
পরে সহকর্মী ও স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তারা সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১