মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক কোচিং সেন্টার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনাটি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা-র হরগ্রাম এলাকায় ঘটে। অভিযুক্ত আহাদুজ্জামান নাজিম ওই এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক। তিনি রাজশাহীর একটি ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে কোচিং সেন্টারে পাঠদান চলাকালে একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ সময় ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে যান। পরে তারা অভিযুক্তকে আটক করে মারধর করে থানায় হস্তান্তর করেন।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দাবি, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের ভাষ্যমতে, ২০২১ সালের ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল।
এ বিষয়ে মো. ফরহাদ আলী, অফিসার ইনচার্জ (ওসি), কাশিয়াডাঙ্গা থানা বলেন, অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। তাদের মতে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া