মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫:৩০টায় তেলকুপি বিওপি থেকে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ সাকিবুল হাসান (১৯), পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-জমিনপুর, ডাকঘর-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।
এ সময় আরও তিনজন মাদককারবারি পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। আটককৃত আসামি ও জব্দকৃত আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বিজিবি মোট ৮ জন আসামিসহ ৩,২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া