মোঃ জাকারিয়া হোসেন |
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপির নেতৃত্বে পুলিশের একটি দল এবং বিজিবির ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের ময়দান বিওপির সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি গাঁজার চালান ভূরুঙ্গামারী সদরে এনে নাইট কোচযোগে ঢাকায় পাঠানো হবে—এমন গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি অভিযান জোরদার করা হয়।
অভিযান চলাকালে থানাঘাট এলাকায় একটি স্থানীয় মসজিদের সামনের পাকা সড়কে লাল স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে প্যাকেটটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার প্যাকেট ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১