সুজন চন্দ্র দাস |
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টার দিকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে, জিল হক ও উম্মে হুমায়রার শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুইজনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লাগলে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্যাস সিলিন্ডার ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া