বেতাগী (বরগুনা) প্রতিনিধি |
বরগুনার বেতাগীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন প্রাথমিক শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং পাঠদান পদ্ধতিতে আধুনিক ও কার্যকর কৌশল প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “আমাদের ইচ্ছাশক্তি ও কাজের প্রতি ভালোবাসা আরও বাড়াতে হবে। মনে রাখতে হবে, শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।”
সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন এবং কার্যকর সমাধানের প্রস্তাব দেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১