মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বাঁশখালী থানা, বাঁশখালী পৌরসভা, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও বাঁশখালী আলাউল ডিগ্রী কলেজ, বাঁশখালী প্রাথমিক শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ এবং সাংবাদিক উন্নয়ন পরিষদ বাঁশখালী শাখার নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে। তাঁদের এই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় একুশের প্রথম প্রহরে বাঁশখালীতে এভাবেই পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১