এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউত (৭১) মৃত্যুবরণ করেছেন। তাঁর এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে ভোগপাড়া এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।
এ সময় কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যুতে কটিয়াদীসহ কিশোরগঞ্জ জেলায় শোকের আবহ বিরাজ করছে। মুক্তিযুদ্ধের এই সাহসী সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোয় এলাকাবাসী গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১