মো: সামিম |
পাটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দৈনিক দৈনিক ইত্তেফাক-এর রায়গঞ্জ সংবাদদাতা, বিশিষ্ট পরিবেশকর্মী ও সিনিয়র সাংবাদিক দীপক কুমার কর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি হঠাৎ তীব্র জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের ৫৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. অসীম কুমার ঘোষ-এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
দীর্ঘদিনের শারীরিক জটিলতার পাশাপাশি তিনি বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। ফুসফুসে সংক্রমণ, ডায়াবেটিস ও হৃদরোগজনিত জটিলতা মিলিয়ে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে।
ডা. অসীম কুমার ঘোষ জানান, রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতির জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও ধারাবাহিক চিকিৎসা অত্যন্ত জরুরি।
সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করে আসছেন দীপক কুমার কর। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য।
এছাড়া তিনি রায়গঞ্জ প্রেসক্লাব-এর সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
দীপক কুমার করের পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে তার আশু আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া