মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি,ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা উপজেলায় অবস্থিত নবকাম পল্লী কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এ পিঠা মেলার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ, যা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে।
পিঠা মেলার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। উদ্বোধনী পর্ব শেষে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
এবারের মেলায় মোট ৮টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পিঠার বাহারি সমাহার সাজানো হয়। দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হয় চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, তেল পিঠা, মাংস পিঠা, মাছ পিঠা, তারা পিঠা, জামাই পিঠাসহ নানা রকম দেশীয় স্বাদের পিঠা।
কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোসাহেদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কো-অপ্ট সদস্য মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, “দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের পিঠা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
দুই দিনব্যাপী এই পিঠা মেলা সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া