মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেম, বিয়ে এবং পরবর্তীতে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ উঠেছে মাগুরার এক যুবকের বিরুদ্ধে। তার প্রতারণার ফাঁদে পড়ে রাজশাহীর বাগমারার এক বিধবা নারী সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহব্বত আলী মাগুরা জেলার শিবরামপুর গ্রামের আব্দুল মান্নান খন্দকারের ছেলে। তিনি ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী তাসফিয়াকে বিয়ে করেন। পরে কৌশলে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।
ভুক্তভোগী তাসফিয়া জানান, ২০২৫ সালে ফেসবুকে তাদের পরিচয় হয়। একপর্যায়ে সম্পর্ক গভীর হলে তারা রাজশাহীতে বিয়ে করেন। বিয়ের সময় ৯ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়, যা অভিযুক্ত তার পরিবারের কাছে গোপন রাখেন।
বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। নিয়মিত ধূমপান ও মদ্যপানসহ বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন তিনি। শুরু হয় মানসিক নির্যাতন। একপর্যায়ে তালাক দিয়ে বিদেশে চলে যাওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং চাপ প্রয়োগ করে অর্থ আদায় করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে খোঁজ নিয়ে তাসফিয়া জানতে পারেন, অভিযুক্ত এর আগেও একাধিক নারীকে একই কৌশলে বিয়ে করে টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ৬ অক্টোবর রাজশাহীর এক কাজী অফিসে আরেক নারীকে বিয়ে করেন তিনি। এছাড়া ২০২০ সালেও একইভাবে আরেকটি বিয়ে করেন।
প্রতিটি ক্ষেত্রেই নিজেকে অবিবাহিত দাবি করেছেন বলে অভিযোগ।
ভুক্তভোগীর দাবি, এ প্রতারণা চক্রে অভিযুক্তের প্রথম স্ত্রী মোছাঃ ডরণও জড়িত। তারা স্বামী-পরিত্যক্ত ও অসহায় নারীদের টার্গেট করে সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ ও সম্মান লুটে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী তাসফিয়া রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মহব্বত আলীর বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন।
অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া