মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।
সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মমিনুল হক, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ সাদিকুল ইসলাম, চেম্বারের পরিচালক আব্দুল বারেক, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, এম কোরাইশী মিলুসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, রমজান মাসে কোনোভাবেই দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না এবং পঁচা বা বাসি খাবার বিক্রি থেকে বিরত থাকতে হবে। ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সকল ব্যবসায়ীকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করা হয়।
বক্তারা আরও বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করে সর্বনিম্ন মুনাফায় ব্যবসা পরিচালনার মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা।
সভায় জানানো হয়, আগামীকাল দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বাজার তদারকি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে।
ব্যবসায়ীরা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া