মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিজয়ের পরদিনই নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে নেমেছেন।
শুক্রবার সকাল থেকে তিনি পবা ও মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পরিদর্শন করে সাধারণ ভোটার, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করেন।
বিজয়ের আনন্দকে ভাগাভাগি করতে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হলে পথের দু’ধারে দাঁড়িয়ে হাজারো সমর্থক ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় পুরো পবা-মোহনপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর তারা তাদের প্রত্যাশিত নেতৃত্ব ফিরে পেয়েছেন।
অ্যাডভোকেট শফিকুল হক মিলন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ বিজয় দেশের সাধারণ মানুষের। আমি সকল ভোটার ও নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, রাজশাহী-৩ আসনের উন্নয়ন, শিক্ষা, অবকাঠামো ও কর্মসংস্থান বৃদ্ধিতে তিনি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এক লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট পান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া