লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাবির মিয়া (গণঅধিকার পরিষদ) পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। ফলে ১৪ হাজার ৯০৬ ভোটের ব্যবধানে সেলিমুজ্জামান সেলিম বিজয় নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফলে এ বিজয়ের ঘোষণা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮২১ এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯ জন।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও প্রশাসনের সার্বিক তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
ভোটাররা জানান, তারা নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্ট।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া