মোং ইব্রাহিম হাওলাদার |
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিশেষ করে দৈহারী ইউনিয়নের একে ইনস্টিটিউট আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর জোরদার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পায়। সকাল ১০টার দিকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলে জানা গেছে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটকেন্দ্র পরিদর্শনে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। প্রতি ১০ মিনিট পরপর টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেন্দ্রে দায়িত্বরত ভিজিটিং অফিসার, পুলিশ সদস্য ও আনসার বাহিনী ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করছেন। এখন পর্যন্ত কেন্দ্র এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা বা উত্তেজনার খবর পাওয়া যায়নি।
নেছারাবাদ থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, “ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোট প্রদান নাগরিকের মৌলিক অধিকার—এটি নিশ্চিতে প্রশাসন বদ্ধপরিকর।”
সার্বিকভাবে নেছারাবাদ উপজেলার একে ইনস্টিটিউট আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া