শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসনের ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করেছে কালিয়াকৈর উপজেলা প্রশাসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা নির্বাচন অফিসে সরঞ্জাম বিতরণকে ঘিরে ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়।
দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের কাছে কেন্দ্রভিত্তিক প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পর্যায়ক্রমে হস্তান্তর করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য আলাদা প্যাকেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রিসাইডিং অফিসারদের উপস্থিতিতে তালিকা যাচাই-বাছাই ও স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে।
বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, বিভিন্ন ধরনের সিল ও স্ট্যাম্প, অমোচনীয় কালি, ফলাফল প্রস্তুত ও সংরক্ষণের রেজিস্টার, সিলগালা করার উপকরণসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি উপকরণ অত্যন্ত সতর্কতার সঙ্গে গণনা ও প্যাকেজিং করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম নির্ধারিত ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে। পরিবহনের সময় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর–১ আসনের সব ভোটকেন্দ্রে সময়মতো সরঞ্জাম পৌঁছে দিতে পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন এবং কেন্দ্রগুলোতে সরঞ্জাম গ্রহণ ও সংরক্ষণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১