মো. আরফান আলী |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক/গণমাধ্যম নীতিমালা–২০২৫ যথাযথভাবে অনুসরণ করাকে কেন্দ্র করে দেশের সাংবাদিক ও গণমাধ্যম মহলে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট পর্যবেক্ষণের জন্য সাংবাদিকদের আবেদনের সঙ্গে ছবি, প্রেস কার্ড, জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক প্রেরিত সাংবাদিক তালিকা, নিয়োগপত্র এবং সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সর্বশেষ আবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয় গত ৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।
কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, অনেক কর্মরত সাংবাদিকের নিয়োগপত্র ও গণমাধ্যম তালিকা না থাকায় তারা ভোট পর্যবেক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে, সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনগুলো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
এদিকে, যারা পূর্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন পদ্ধতিতে আবেদন করেছিলেন, তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন।
পরবর্তীতে কমিশন বাধ্য হয়ে সাংবাদিকদের জন্য এনালগ পদ্ধতিতে পর্যবেক্ষণ কার্ড সংগ্রহের আহ্বান জানায়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপ-পরিচালক (নিবন্ধন) স্বাক্ষরিত তথ্যমতে দেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা বর্তমানে ৩ হাজার ৩৫৪টি।
অন্যদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্যবস্থাপনা ও সমন্বয়–১ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এতে প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ এবং আনসার/ভিডিপি’র দুইজন সদস্য ব্যতীত অন্য কারও মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে।
সাংবাদিক মহলের অভিযোগ, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় সৃষ্টি করবে। কারণ, তাৎক্ষণিক তথ্য সংগ্রহ, অনিয়মের চিত্র ধারণ এবং দ্রুত সংবাদ প্রেরণে মোবাইল ফোন সাংবাদিকদের অন্যতম প্রধান মাধ্যম।
এমন পরিস্থিতিতে নির্বাচনকালীন সাংবাদিক নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া