এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনে যাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আজ আবার তারাই তাঁর প্রতিপক্ষ। উন্নয়নের স্বার্থে বুঝে-শুনে সিদ্ধান্ত নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউনহলে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনিরুল হক চৌধুরী বলেন, “আমি একজন সার্বজনীন প্রার্থী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবার কাছে ভোট চাই। কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আপনারা একবার আমাকে সুযোগ দিন।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লায় পরিকল্পিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত নগরায়নের কারণে এ মহানগর বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সিটি করপোরেশন প্রতিষ্ঠার বহু বছর পেরিয়ে গেলেও সীমানা সম্প্রসারণ হয়নি এবং নাগরিক সুযোগ-সুবিধা চরমভাবে অপ্রতুল।
মনিরুল হক চৌধুরী জানান, নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা উত্তরে ফকিরবাজার, দক্ষিণে বাঘমারা, পূর্বে বিবিরবাজার ও পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
পাশাপাশি আধুনিক সুয়ারেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন উন্নয়ন, ওয়াসা গঠন ও মেট্রোপলিটন সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, “আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন। জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাদের আর কখনো নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে হবে না।”
নারী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, টাউনহল কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, নারী নেত্রী নাজমা আক্তারসহ বিএনপি মহিলা দলের নেতৃবৃন্দ।
এর আগে সকালে পূর্ব জোরকাননে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন তিনি। পরে নগরীর ঈশ্বর পাঠশালা থেকে পদযাত্রা শুরু করে কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি ও আদালত এলাকা হয়ে ছোটরা গিয়ে শেষ হয়।
এছাড়া মেডিসিন কমপ্লেক্সে ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় এবং বেলতলী স্কুল মাঠ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও দেশওয়ালীপট্টিতে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া