শেখ কামরুজ্জামান (রানা) |
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।
তিনি বলেন, দেশি-বিদেশি সব জরিপেই প্রমাণিত হয়েছে বিএনপি জনগণের আস্থার শীর্ষে রয়েছে। দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।
শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে হিজলবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, আপনারা একবার আমাকে ভোট দিয়ে পাশে থাকার সুযোগ দিন। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো।
মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন দুটি ধারায় বিভক্ত—একটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও একাত্তরের পক্ষে, অন্যটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষে। অতীতে যখনই স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তখনই জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ মহান স্বাধীনতার পক্ষের শক্তিকেই বেছে নেবে।
এস এম জিলানী তার বক্তব্যে জানান, বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে।
কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড, যার মাধ্যমে বিনামূল্যে সার, বীজসহ নানা সুবিধা দেওয়া হবে। পাশাপাশি দেশের প্রতিটি পরিবারের জন্য চালু করা হবে স্বাস্থ্য কার্ড, যাতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়।
কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় কুমার মজুমদার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া