জাহাঙ্গীর আলম মানিক |
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাপাহার উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা জামায়াতে ইসলামী’র আমির আবুল খায়ের তরুণ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।
প্রধান অতিথি অধ্যক্ষ মাহাবুবুল আলম বলেন, “নওগাঁ-১ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি আধুনিক, ইনসাফভিত্তিক সমাজ গড়ার জন্য ১১ দলীয় ঐক্য জোট বদ্ধপরিকর। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।”
প্রধান বক্তা অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “সাপাহারের মাটি ও মানুষের সাথে জামায়াতে ইসলামী’র সম্পর্ক গভীর। আজকের জনসভা প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা অধ্যক্ষ মাহাবুবুল আলমকে বিজয়ী করতে প্রস্তুত।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোটের শরিক দল এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসন নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামপুত উপজেলা আমির আফজাল হোসেন, পোরশা উপজেলা আমির সাগর আলী।
এছাড়াও সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাসুদ হোসেনের সঞ্চালনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আহ্বান জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের ঐক্য বজায় রেখে প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া