মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক কাতারে আসায় উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে বিএনপি।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় বাগমারা উপজেলার হাটগাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’র বিজয়ের লক্ষ্যে ব্যাপক জনসমাগম দেখা যায়।
সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, আহবায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতা-কর্মীরা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। আজ সব বিভেদ ভুলে এক ছাতার নিচে এসে বিএনপি আবারও ঘুরে দাঁড়িয়েছে। ধানের শীষ ছাড়া বিএনপি কর্মীদের কাছে অন্য কোনো প্রতীক নেই।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার বিরোধী ও অপশক্তি অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জনগণের শক্তিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।
প্রধান অতিথির বক্তব্যে ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করেছি।আমার কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”
সভায় ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাঁতিদল উপজেলা আহবায়ক মামুনুর রশিদ মামুন ও যুবদল নেতা শাহাদাত হোসেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া